মোঃ আব্দুর সবুর খান, বাংলা প্রতিদিন ডেস্কঃ
সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের প্রজননকালীন সুরক্ষার লক্ষ্যে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালী, মৌয়ালী ও পর্যটকদের জন্য কোনো পাস-পারমিট ইস্যু করা হবে না।
বন বিভাগের মতে, এ সময়ে মাছ, বন্যপ্রাণী ও বিভিন্ন উদ্ভিদের প্রজনন কার্যক্রম চলে। তাই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তবে এ সিদ্ধান্তে সুন্দরবননির্ভর হাজারো জেলে, মৌয়ালী ও বাওয়ালী পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় জেলেরা জানান, তিন মাস বনে যেতে না পারলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। একইভাবে পর্যটনসংশ্লিষ্ট নৌযান মালিক ও শ্রমিকরাও দীর্ঘ সময় কর্মহীন থাকার শঙ্কা প্রকাশ করেছেন।
বন বিভাগ জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সময় জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।